• ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

মৌলভীবাজার সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ১১:৫৯ এএম
মৌলভীবাজার সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মৌলভীবাজার সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকালে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রা করে সকাল ১০টা ১৫ মিনিটে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী। তার আগমন উপলক্ষে বিমানবন্দর ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রশাসনের বিভিন্ন সংস্থাকেও সতর্ক অবস্থানে দেখা যায়।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক অনুষ্ঠানে অংশ নিয়ে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। এ দুটি কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং সাধারণ মানুষের উপস্থিত থাকার কথা রয়েছে।

এ ছাড়া বিকেলে শ্রীমঙ্গলের একটি রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় বক্তব্য দেওয়ারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি সিলেটে ফিরে রাতের ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সিলেট ও মৌলভীবাজার জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দর থেকে সফরপথের বিভিন্ন স্থানে তাকে স্বাগত জানাতে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার মৌলভীবাজারে প্রথম সরকারি সফর। এর আগে গত মে মাসে তিনি প্রথমবারের মতো সিলেট সফর করেছিলেন। তবে এবারের সফরের সব আনুষ্ঠানিক কর্মসূচি মৌলভীবাজার জেলাকেন্দ্রিক।


Side banner
Link copied!