ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশজুড়ে সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনায় গত ১৩ দিনে মোট ৩০৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৮৬১ জন।
রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গত ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশে ২৯২টি সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, মোট দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনাই সবচেয়ে বেশি। ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১২৪ জন, যা মোট মৃত্যুর প্রায় ৪৪ শতাংশ।
এছাড়া দুর্ঘটনায় ৩৭ জন পথচারী এবং ৩৩ জন বিভিন্ন যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন।
একই সময়ে ১৩টি নৌ দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ জন আহত হন। অন্যদিকে, ২২টি রেল দুর্ঘটনায় প্রাণ হারান ১৭ জন এবং আহত হন আরও ৯ জন।
নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ছিলেন ১২৪ জন। এছাড়া বাসযাত্রী ২১ জন, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের ৩২ জন, প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সের ১১ জন, থ্রি-হুইলার যাত্রী ৪৮ জন এবং স্থানীয় যানবাহনের ৮ জন রয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশন জানায়, সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৯৫টি দুর্ঘটনায় ১০১ জন নিহত হয়েছেন। অন্যদিকে, সিলেট বিভাগে সবচেয়ে কম ৯টি দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে।
জেলা হিসেবে ফরিদপুরে সর্বোচ্চ ১৯টি দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আপনার মতামত লিখুন :