• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেশের পরিস্থিতি স্থিতিশীল, ধীরে ধীরে ব্যারাকে ফিরছেন সেনাসদস্যরা: সেনাপ্রধান


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৩:৪৬ পিএম
দেশের পরিস্থিতি স্থিতিশীল, ধীরে ধীরে ব্যারাকে ফিরছেন সেনাসদস্যরা: সেনাপ্রধান

দেশের প্রয়োজনে দীর্ঘ সময় মাঠে দায়িত্ব পালনের পর সেনাসদস্যরা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছেন বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, দেশের ক্রান্তিলগ্নে সেনাবাহিনীর সদস্যরা যেভাবে দায়িত্ব পালন করেছেন, জাতি তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, “২০২৪ সালে দেশের বিশেষ পরিস্থিতিতে সেনাসদস্যরা মাঠে থেকে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছেন।”

তিনি আরও বলেন, দায়িত্ব পালনের পাশাপাশি সেনাসদস্যরা নিজেদের পেশাগত দক্ষতাও ধরে রেখেছেন। গত ১৮ মাস মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেও ফায়ারিং প্রতিযোগিতায় সেনাসদস্যদের পারদর্শিতা সত্যিই প্রশংসনীয়।

প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়।

অনুষ্ঠানে তিনি বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন।

জানা গেছে, গত ১৬ মে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এই ফায়ারিং প্রতিযোগিতা শুরু হয়। এতে সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।

প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আর রানার্সআপ হয় প্যারা কমান্ডো ব্রিগেড।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির কমান্ড্যান্ট, ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কুমিল্লা এরিয়ার এরিয়া কমান্ডার, ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও সিলেট এরিয়ার এরিয়া কমান্ডারসহ সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন ইউনিট ও ফরমেশনের সেনাসদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।


Side banner
Link copied!