• ঢাকা
  • বুধবার, ২০ মে, ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৩:৪২ পিএম
সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

কক্সবাজারে সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।

একইসঙ্গে সংশ্লিষ্ট অস্ত্র মামলায় কয়েকজন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আদালত সংশ্লিষ্টরা।

রায় ঘোষণার সময় মামলার ১৮ আসামির মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন। আদালত প্রাঙ্গণে এ সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খোরশেদ আলম চৌধুরী।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে চকরিয়ার ডুলহাজারা এলাকায় ডাকাত দমনে যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন সেনাবাহিনীর ৩৯ এসটি ব্যাটালিয়নের কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন।

অভিযান চলাকালে ডাকাতদের ধাওয়া করতে গিয়ে তিনি দুইজনকে আটক করার চেষ্টা করেন। এ সময় সংঘবদ্ধ ডাকাতদলের সদস্যরা তাকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে একে একে অভিযুক্তদের গ্রেপ্তার করে। পরে তদন্ত শেষে ১৮ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষের দাবি, আদালতের এ রায় ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনায় কঠোর বার্তা দেবে।

রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে উপস্থিত আইনজীবী ও সংশ্লিষ্টদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। নিহত সেনা কর্মকর্তার পরিবারের সদস্যরাও দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানা গেছে।


Side banner

আইন আদালত বিভাগের আরো খবর

Link copied!