জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আবারও ৪ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে তৃতীয় দফায় ১১ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে পুনরায় রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে মামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং তদন্তের স্বার্থে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে আহত হন দেলোয়ার হোসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই তার মৃত্যু হয়।
ঘটনার প্রায় এক বছর পর নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে গত মার্চে রাজধানীর বারিধারা এলাকা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত এখনো চলমান রয়েছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :