নির্মাণ খাতে জনবল সংকট কাটিয়ে উৎপাদনশীলতা বাড়াতে বিদেশি শ্রমিক নিয়োগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনছে সিঙ্গাপুর। দেশটির বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন অথরিটি (বিসিএ) নতুন এই নীতিমালা ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রকাশিত সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে চীন ও থাইল্যান্ডের নির্মাণ শ্রমিকদের আর নিজ দেশে বাধ্যতামূলক দক্ষতা পরীক্ষায় অংশ নিতে হবে না। পরবর্তী সময়ে ২০২৮ সাল থেকে এই সুবিধা সব উৎস দেশের শ্রমিকদের জন্য কার্যকর হবে।
নতুন ব্যবস্থায় শ্রমিকদের সরাসরি সিঙ্গাপুরে নিয়ে এসে কাজ শুরু করানো যাবে এবং পরে দেশেই তাদের দক্ষতা যাচাই করা হবে। এতে শ্রমিক নিয়োগের সময় চার মাস থেকে কমে প্রায় এক মাসে নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে।
তবে নতুন নিয়ম অনুযায়ী, ওয়ার্ক পারমিটধারী শ্রমিকদের সিঙ্গাপুরে আসার এক বছরের মধ্যে নির্ধারিত দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এতে ব্যর্থ হলে তাদের পারমিট নবায়ন করা হবে না।
এছাড়া আর্থিক কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। দক্ষতা সনদবিহীন শ্রমিকদের জন্য প্রথম ছয় মাস সাধারণ হারে লেভি দিতে হবে। এই সময়ের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ না হলে পরবর্তী সময়ে উচ্চহারে লেভি আরোপ করা হবে।
বিসিএ জানিয়েছে, এই উদ্যোগের ফলে শ্রমিকদের দক্ষতা বাড়বে এবং নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ দিতে পারবে। একই সঙ্গে দেশে পরীক্ষা কেন্দ্রের সক্ষমতাও বাড়ানো হবে।
সংশ্লিষ্ট খাতের সংগঠনগুলো সরকারের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে। তাদের মতে, নতুন নীতিমালা বাস্তবায়ন হলে নির্মাণ খাতে জনবল সংকট অনেকটাই কমবে এবং প্রকল্প বাস্তবায়নের গতি বাড়বে।
আপনার মতামত লিখুন :