যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক গুলিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে নতুন বিতর্কে জড়িয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে অভিযুক্তের বক্তব্য নিয়ে প্রশ্ন উঠতেই ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমি ধর্ষক নই, আমি কাউকে ধর্ষণ করিনি।”
রোববার মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রতিক্রিয়া দেন ট্রাম্প। এর আগে শনিবার হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ অ্যাসোসিয়েশনের ডিনার চলাকালে এক যুবক হোটেলে ঢুকে গুলি চালানোর ঘটনা ঘটে। নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে নিয়ন্ত্রণে নেয়।
সাক্ষাৎকারে সাংবাদিক অভিযুক্তের কথিত ম্যানিফেস্টো থেকে একটি অংশ তুলে ধরলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই বক্তব্যে ‘পেডোফিল, ধর্ষক ও দেশদ্রোহী’ শব্দ ব্যবহারের পর ট্রাম্প তীব্র প্রতিক্রিয়া জানান এবং এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেন।
ট্রাম্প অভিযোগ করেন, তাকে অন্যায়ভাবে নানা বিতর্কের সঙ্গে জড়ানোর চেষ্টা চলছে। বিশেষ করে জেফরি এপস্টিন সংশ্লিষ্ট অভিযোগও তিনি পুরোপুরি অস্বীকার করেন এবং নিজেকে নির্দোষ দাবি করেন।
অভিযুক্তকে মানসিকভাবে অসুস্থ ও চরমপন্থায় প্রভাবিত বলে মন্তব্য করেন ট্রাম্প। একইসঙ্গে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতা বাড়ার জন্য বিরোধী রাজনীতিকদের বক্তব্যকেও দায়ী করেন তিনি।
ঘটনার পর মার্কিন মূলধারার সংবাদমাধ্যমে ট্রাম্পের মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনী প্রেক্ষাপটে এ মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিতে পারে।
আপনার মতামত লিখুন :