দেশের স্বাস্থ্য খাতে জনবল সংকট দূর করতে শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (২২ এপ্রিল) রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে হামের সংক্রমণ বৃদ্ধি পেলেও টিকার পর্যাপ্ত মজুত রয়েছে। দেশে আগামী ছয় মাসের জন্য প্রয়োজনীয় টিকা সংরক্ষিত আছে, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
তিনি আরও জানান, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি হাসপাতালে ১০ জন করে সশস্ত্র আনসার নিয়োগের পরিকল্পনা রয়েছে।
এ সময় তিনি উল্লেখ করেন, চীনের সহযোগিতায় দেশে যৌথ সার্জিক্যাল ক্লিনিক ও ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত প্রায় ২৫ হাজারের বেশি শিশুর মধ্যে উপসর্গ দেখা গেছে, যার মধ্যে কয়েক হাজার শিশুর শরীরে সংক্রমণ নিশ্চিত হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, জনবল বৃদ্ধি ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী হবে।
আপনার মতামত লিখুন :