শরীয়তপুরের পালং বাজারে ভেজাল ও ক্ষতিকর খাদ্যপণ্য বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসন।
বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তহিদুর রহমান ও নুসরাত জাহান আরবি। এসময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুর জেলার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।
অভিযান চলাকালে পালং বাজারের শ্রীকৃষ্ণ বণিকের দোকানে নিষিদ্ধ রং মেশানো চিপস সংরক্ষণ ও বিক্রির অভিযোগ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ভোক্তাদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের সতর্ক করে দেন ভ্রাম্যমাণ আদালত। ক্ষতিকর ও ভেজাল খাদ্যপণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়।
দোকান মালিক জিতু জানান, দোকানে নিষিদ্ধ রংযুক্ত চিপস রাখার দায়ে তাকে জরিমানা করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তহিদুর রহমান বলেন, জনস্বার্থে এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
আপনার মতামত লিখুন :