দেশে হামের প্রকোপ বাড়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ সামাল দিতে জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সব সরকারি হাসপাতালকে প্রয়োজন অনুযায়ী শয্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, শয্যা সংকট দেখিয়ে কোনো হাম বা হাম-উপসর্গের রোগীকে ফিরিয়ে দেওয়া যাবে না। প্রয়োজন হলে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করতে হবে। তবে জটিল চিকিৎসার প্রয়োজন হলে নির্ধারিত রেফারাল পদ্ধতি অনুসরণ করে রোগী স্থানান্তর করা যাবে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, উপজেলা থেকে শুরু করে জেলা, মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল পর্যন্ত রেফারাল চেইন কঠোরভাবে অনুসরণ করতে হবে। এ নির্দেশনা অমান্য হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে দায়ভার নিতে হবে।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত দেশে হামে ৩৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ১৯০। এছাড়া ২৭ হাজারের বেশি শিশুর মধ্যে উপসর্গ দেখা গেছে, যাদের মধ্যে প্রায় ১৮ হাজার হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, ইতোমধ্যে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং ধাপে ধাপে তা সারা দেশে সম্প্রসারণ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :