• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ১১:৫৫ পিএম
মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে মিয়ানমার সীমান্তের গুরুত্বপূর্ণ অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে সরকার বহুমুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকারী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদক, অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল এবং তথ্যভিত্তিক অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধ দমনের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় নতুন সীমান্ত চৌকি (বিওপি) ও অস্থায়ী টহল পোস্ট (টিওবি) স্থাপন করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর ফলে সীমান্তজুড়ে নজরদারি বৃদ্ধি, টহলের পরিধি সম্প্রসারণ এবং দ্রুত প্রতিক্রিয়া জানানো সহজ হবে।

সরকারের মতে, সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর করতে অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট মহলের অভিমত, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, নজরদারি বৃদ্ধি এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়িত হলে অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়তে পারে।


Side banner
Link copied!