• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন যে কেউ: তথ্য উপদেষ্টা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০২:১৯ পিএম
শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন যে কেউ: তথ্য উপদেষ্টা

নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে যে কোনো ব্যক্তি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ায় প্রার্থীকে ব্যক্তি পরিচয়ে অংশ নিতে হবে। কোনো ব্যক্তি যদি নির্বাচনের জন্য নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করেন, তাহলে তার নির্বাচনে অংশগ্রহণে সরকারের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণার সময় কোনো নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম, প্রতীক বা দলীয় পরিচয় ব্যবহার করা হলে সেটি ভিন্ন বিষয় হিসেবে বিবেচিত হবে। তবে ব্যক্তি হিসেবে নির্বাচন করার ক্ষেত্রে আইন ও বিধিমালার শর্ত পূরণ করাই মূল বিষয়।

আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, কোনো সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকলে সেই সংগঠনের পরিচয়ে কার্যক্রম পরিচালনা করা যাবে না। তবে ব্যক্তি হিসেবে আইনসম্মত যোগ্যতা থাকলে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রয়েছে।

মামলা রয়েছে এমন ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেবল মামলা থাকা মানেই নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা নয়। বিষয়টি সংশ্লিষ্ট আইন ও নির্বাচনী বিধানের আলোকে নির্ধারিত হবে।

তিনি জানান, সরকার নির্বাচন প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় বাধা সৃষ্টি করতে চায় না এবং যোগ্য প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতেই কাজ করছে।


Side banner
Link copied!