• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

পেরুকে হারিয়ে আত্মবিশ্বাসী স্পেন, বিশ্বকাপ মিশনের আগে দারুণ প্রস্তুতি


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০২:২৯ পিএম
পেরুকে হারিয়ে আত্মবিশ্বাসী স্পেন, বিশ্বকাপ মিশনের আগে দারুণ প্রস্তুতি

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে স্পেন। পেরুর বিপক্ষে শুরু থেকে আধিপত্য বিস্তার করে ৩-১ গোলের স্বস্তিদায়ক জয় তুলে নিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

মঙ্গলবার (৯ জুন) অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় মিনিটেই স্পেনকে এগিয়ে দেন মিকেল ওয়ারজাবাল। দূরপাল্লার জোরালো শটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দ্রুতই লিড এনে দেন তিনি।

গোলের পর আক্রমণাত্মক খেলা অব্যাহত রাখে স্পেন। প্রথমার্ধের ৩২তম মিনিটে ফেরান তোরেসের বাড়ানো বল থেকে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার পেদ্রি। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্প্যানিশরা।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে স্পেন। ৫৩তম মিনিটে ইয়েরেমি পিনোর ক্রস ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করেন পেরুর গোলরক্ষক পেদ্রো গাইয়াসি। এতে ব্যবধান দাঁড়ায় ৩-০।

ম্যাচের ৬৬তম মিনিটে পেরুর হয়ে একটি গোল শোধ করেন ভেলেস। তিনি স্পেনের গোলরক্ষক ডেভিড রায়াকে পরাস্ত করে দলের একমাত্র গোলটি করেন।

শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। এই জয় বিশ্বকাপের আগে দলটির আত্মবিশ্বাস আরও বাড়াবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

আগামী ১৫ জুন ‘এইচ’ গ্রুপের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। একই গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে।


Side banner

খেলাধুলা বিভাগের আরো খবর

Link copied!