ব্রাজিলের জার্সিতে দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার। দেশের হয়ে আর না খেলার সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেছেন, জাতীয় দলের হয়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার পর এবার নতুন অধ্যায়ে মনোযোগ দিতে চান।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কোপা সুদামেরিকানায় ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ গোলের জয়ের পর নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান ৩৪ বছর বয়সী এই ফুটবলার।
নেইমার বলেন, ব্রাজিলের হয়ে খেলার সময় তিনি সর্বোচ্চ নিষ্ঠা ও দায়িত্ব নিয়ে মাঠে নেমেছেন। দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন বলেই তাঁর বিশ্বাস। তাই জাতীয় দলকে বিদায় জানাতে গিয়ে তাঁর কোনো আক্ষেপ নেই।
ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করছেন নেইমার। জাতীয় দলের হয়ে তিনি একাধিক ফিফা বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং অলিম্পিক আসরে অংশ নিয়ে দেশের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেও ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন তিনি। বর্তমানে তাঁর পুরো মনোযোগ ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের হয়ে মাঠে ভালো পারফরম্যান্স করার দিকে।
সম্প্রতি ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে আচরণ নিয়ে যে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছিল, সে বিষয়েও মুখ খুলেছেন নেইমার। তিনি বলেন, দলের পারফরম্যান্স উন্নত করার লক্ষ্যেই খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন। কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শন বা নেতিবাচক আচরণের অভিযোগ তিনি নাকচ করেছেন।
সান্তোসের হয়ে সর্বশেষ ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দলকে কোপা সুদামেরিকানার শেষ ষোলোতে তুলতে সহায়তা করেন নেইমার। আগামী পর্বে ইকুয়েডরের ক্লাব মাকারার বিপক্ষে মাঠে নামবে তাঁর দল।
আপনার মতামত লিখুন :