আমদানি-রফতানি কার্যক্রমের আড়ালে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগ তুলে সংসদে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। এ বিষয়ে প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের বাজেট আলোচনায় সম্পূরক প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উত্থাপন করেন রুমিন ফারহানা।
তিনি বলেন, বিভিন্ন প্রতিবেদনে আমদানি-রফতানির আড়ালে প্রতিবছর বিপুল পরিমাণ ডলার বিদেশে পাচারের তথ্য উঠে আসছে। এ ধরনের অর্থপাচার রোধে সরকার কী পদক্ষেপ নিচ্ছে, তা জানতে চান তিনি।
জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন জটিলতা রয়েছে এবং অর্থপাচারের অভিযোগ প্রমাণ করা সহজ নয়। দেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ অনেক বড় হওয়ায় প্রতিটি লেনদেন বিশ্লেষণ করে অনিয়ম শনাক্ত করতে সময় ও তথ্য-প্রমাণ প্রয়োজন হয়।
তিনি আরও বলেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। রফতানি বা আমদানির আড়ালে অর্থপাচারের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাণিজ্যমন্ত্রী জানান, বৈদেশিক বাণিজ্যে স্বচ্ছতা নিশ্চিত এবং অবৈধ অর্থপাচার প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।
আপনার মতামত লিখুন :