• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৮:২৯ পিএম
চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু ও এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।

সোমবার (৮ জুন) বিকেল ৪টার দিকে খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উখিয়া উপজেলার মরিচ্যা এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী (২৫) এবং বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকার ৮ মাস বয়সী শিশু মোহাম্মদ ইয়াহি।

স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজারগামী চকরিয়া সার্ভিসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা এভারগ্রীন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি বাসই ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবর রহমান জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের ধারণা, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।


Side banner
Link copied!