নারায়ণগঞ্জে হাসপাতাল এলাকায় ডাক্তার দেখানোর সিরিয়াল বাণিজ্যের সঙ্গে জড়িত একটি দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। এর মধ্যে তিনজনকে কারাদণ্ড এবং একজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে শহরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে র্যাব-১১ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র রোগীদের কাছ থেকে অর্থের বিনিময়ে ডাক্তার দেখানোর সিরিয়াল এগিয়ে দিত। এছাড়া উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে আর্থিক সুবিধা নিত।
অভিযানে মোজাম্মেল হক বাদল, আম্বিয়া, রাসেল ও আবদুল মান্নানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মোজাম্মেল হক বাদলকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। আম্বিয়া ও রাসেলকে ৭ দিন করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। অপরদিকে আবদুল মান্নানকে ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
র্যাব-১১ এর এক কর্মকর্তা জানান, অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে এবং এ ধরনের কার্যক্রম বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, দালালদের কারণে সাধারণ রোগীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। এ সমস্যা নিরসনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
আপনার মতামত লিখুন :