• ঢাকা
  • মঙ্গলবার, ০২ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাজাপুরে এলজিইডি প্রকৌশলী অভিজিৎ মজুমদার-এর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৩:৩২ পিএম
রাজাপুরে এলজিইডি প্রকৌশলী অভিজিৎ মজুমদার-এর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

ঝালকাঠির রাজাপুর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)-এর উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার-এর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অনিয়ম এবং উন্নয়নকাজে গাফিলতির গুরুতর অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, টাকা ছাড়া কোনো ফাইল নড়ে না। ওয়ার্ক অর্ডার পেতে ৩–৫ শতাংশ, বিল ছাড়ে ৫–৭ শতাংশ এবং জামানত ফেরতের ক্ষেত্রেও অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে কাজ শেষ হলেও বিল আটকে রাখা হচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

অভিযোগ রয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে বড় পাঙ্গাসী ইউনিয়নে ৪ কোটি ২৬ লাখ টাকার দুটি আরসিসি গার্ডার ব্রিজের কাজ দেড় বছরেও শুরু হয়নি। একইভাবে উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প দীর্ঘদিন ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে আছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আক্কেল মিয়ার বাজারসংলগ্ন একটি ব্রিজের অংশ চুরি হলেও তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। আবার ‘হাশেমের পুল’ নামে পরিচিত একটি সেতু ভেঙে নতুন নির্মাণের পরিকল্পনা নিয়েও প্রশ্ন উঠেছে।

এছাড়া মোল্লারহাট-শ্রীমন্তকাঠি ও পিংড়ি সড়কে নির্মিত একটি ব্রিজের কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় যান চলাচল বন্ধ রয়েছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।

ঝালকাঠি জেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি ইলিয়াছ সিকদার ফরহাদ বলেন, উন্নয়ন প্রকল্প সময়মতো বাস্তবায়ন না হলে তা জনদুর্ভোগ বাড়ায়।

আরও অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট প্রকৌশলী নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না এবং নিম্নমানের কাজ অনুমোদনের ক্ষেত্রেও অনিয়ম করেছেন। ২০২৫ সালের ১৩ অক্টোবর দুদকের গণশুনানীতেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপিত হয়।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও অভিজিৎ মজুমদারের বক্তব্য পাওয়া যায়নি।

২০২২ সালের ৫ সেপ্টেম্বর রাজাপুরে যোগদানের পর থেকে তিনি দায়িত্বে রয়েছেন। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে উন্নয়নকাজের স্থবিরতা ও জনদুর্ভোগ আরও বাড়বে।


Side banner

অপরাধ বিভাগের আরো খবর

Link copied!