• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: দুজন গ্রেপ্তার, রিমান্ড আবেদন


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৫:১১ পিএম
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: দুজন গ্রেপ্তার, রিমান্ড আবেদন

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলার তদন্তের অংশ হিসেবে আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সাভার মডেল থানার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভোরে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় অভিযান চালিয়ে দুই সন্দেহভাজনকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া দুজনের একজন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাসিন্দা মো. নুরুল ইসলাম (৫২), যিনি অতীতে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছিলেন। অপরজন সাভার পৌর এলাকার বাসিন্দা মো. সজিব (৩২)।

তদন্ত কর্মকর্তা জানান, ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার অভিযোগ তদন্ত করা হচ্ছে। এ লক্ষ্যে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সোমবার রাতে সাভার পৌরসভার তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির পদযাত্রা-পরবর্তী সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হন। ঘটনার পর এনসিপির ঢাকা জেলা শাখার সদস্য সচিব সালামত উল্লাহ সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বিস্ফোরণের ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, তদন্তে যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Side banner

অপরাধ বিভাগের আরো খবর

Link copied!