সরকারের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রয়োজনীয় খাত ও অবকাঠামো উন্নয়নে অর্থ ব্যয়ে সরকার কার্পণ্য করবে না বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন পর্যায়ে এমন কিছু ব্যয়ের জায়গা চিহ্নিত করা হচ্ছে, যেগুলোকে প্রয়োজনীয় মনে হচ্ছে না। সেসব খাতে ব্যয় কমানোর চেষ্টা চলছে। তবে কোনো খাতে বাস্তব প্রয়োজন থাকলে সেখানে অর্থ বরাদ্দ ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, সরকারি অর্থের বড় অংশ আসে জনগণের দেওয়া কর থেকে। তাই করের অর্থ যথাযথভাবে ব্যবহারের পাশাপাশি প্রয়োজনীয় রাজস্ব সংগ্রহ নিশ্চিত করাও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
কর ব্যবস্থাপনায় করদাতাদের সহযোগিতা করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তার মতে, করদাতাদের ওপর অযাচিত চাপ সৃষ্টি না করে তাদের কর দেওয়ার বিষয়ে উৎসাহিত করতে হবে।
তিনি বলেন, জনগণের মধ্যে এমন ধারণা তৈরি হওয়া প্রয়োজন যে কর দেওয়ার মাধ্যমে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং বিভিন্ন সামাজিক সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে তারা সরাসরি অবদান রাখছেন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ে মানুষের মধ্যে তৈরি হওয়া কিছু নেতিবাচক ধারণা পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনে আরও কার্যকর ও জনবান্ধব হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সরকার ও রাজস্ব প্রশাসন পরস্পরকে সহযোগিতা করে কাজ করলে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, রাজস্ব ব্যবস্থার দক্ষতা বাড়াতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও অবকাঠামো নিশ্চিত করা দরকার। তবে একই সঙ্গে সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণও জরুরি।
‘রাজস্ব সম্মেলন-২০২৬’ আয়োজন করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড। সম্মেলনে রাজস্ব সংগ্রহ, করদাতাদের সেবা এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা হয়।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :