বিদেশ থেকে পরিচালিত অনলাইন জুয়া সাইটের মাধ্যমে অর্থ সংগ্রহ ও তা বিদেশে পাচারের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারদের একজন রাশিয়া থেকে পরিচালিত একটি অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে সংস্থাটি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নড়াইলের সৈয়দ জামান (২৭) এবং যশোরের চৌগাছার রুহুল কুদ্দুস ওরফে বাপ্পী (২৮)।
বুধবার (১৯ আগস্ট) রাজশাহী ও ঝিনাইদহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি জানান।
সিআইডি জানায়, বুধবার দুপুরে রাজশাহী নগরের চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকা থেকে সৈয়দ জামানকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশন এলাকা থেকে রুহুল কুদ্দুস ওরফে বাপ্পীকে গ্রেপ্তার করা হয়।
তদন্তসংশ্লিষ্টদের বরাতে সিআইডি জানিয়েছে, অভিযুক্ত চক্রটি দেশের বিভিন্ন এলাকায় এজেন্ট নিয়োগ করে তাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ব্যাংক হিসাব অনলাইন জুয়া প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করত।
এসব হিসাবের মাধ্যমে জুয়ায় অংশ নেওয়া ব্যক্তিদের কাছ থেকে অর্থ গ্রহণ এবং প্রয়োজন অনুযায়ী অর্থ উত্তোলনের ব্যবস্থা করা হতো বলে অভিযোগ রয়েছে। পরে কমিশন রেখে ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ বিদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে সিআইডি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজন নিজেদের নামে নিবন্ধিত এজেন্ট সিম ব্যবহারের পাশাপাশি অন্য এজেন্টদের সিমও সংগ্রহ করে সংশ্লিষ্ট জুয়া সাইটে যুক্ত করতেন।
তারা অনলাইন প্ল্যাটফর্মের অর্থ জমা ও উত্তোলন কার্যক্রমের সঙ্গেও যুক্ত ছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গত ১৭ মে ঢাকার পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করে সিআইডি। ওই মামলায় এর আগে বিভিন্ন সময়ে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বর্তমানে মামলাটি সিআইডির সাইবার পার্সোনেল ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট শাখা তদন্ত করছে। নতুন করে গ্রেপ্তার দুইজনকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।
সিআইডি অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম থেকে দূরে থাকার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এ ধরনের প্ল্যাটফর্মে অর্থ লেনদেন না করা এবং অনলাইন জুয়া-সংক্রান্ত তথ্য পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :