• ঢাকা
  • বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

ইরানে মার্কিন কৌশল ‘ব্যর্থ’—রাশিয়ার দাবি


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৩:১১ পিএম
ইরানে মার্কিন কৌশল ‘ব্যর্থ’—রাশিয়ার দাবি

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ দাবি করে বলেন, আগ্রাসী ও একতরফা হামলার নীতি কাঙ্ক্ষিত ফল আনতে পারেনি।

স্পুটনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে জাখারোভা বলেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগ্রাসী অবস্থান ও দ্রুত ‘জয়ের’ আশাবাদ ব্যক্ত করা হলেও বাস্তবে সেই কৌশল সফল হয়নি। বরং এ ধরনের একমুখী সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করেছে।

তিনি আরও বলেন, শুরু থেকেই রাশিয়া ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ করে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করে আসছে। মস্কোর মতে, এই সংকটের কোনো সামরিক সমাধান নেই।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন, ইরানের ওপর বোমা হামলা ও সামরিক অভিযান দুই সপ্তাহের জন্য স্থগিত রাখা হবে। এতে করে সাময়িকভাবে উত্তেজনা কিছুটা কমার ইঙ্গিত মিলেছে।

উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ অভিযানের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। বিভিন্ন হামলা ও পাল্টা হামলায় ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

পরিস্থিতির জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আঞ্চলিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। পাশাপাশি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলেও সীমাবদ্ধতা আরোপ করে তেহরান, যা বৈশ্বিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


Side banner

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!