• ঢাকা
  • বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

সংসদে কণ্ঠভোটে পাস অন্তর্বর্তী সরকারের ৫ অধ্যাদেশ বিল


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৩:০৭ পিএম
সংসদে কণ্ঠভোটে পাস অন্তর্বর্তী সরকারের ৫ অধ্যাদেশ বিল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের পাঁচটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বিল কণ্ঠভোটে পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) অধিবেশনের ১১তম দিনে এসব বিল অনুমোদন দেওয়া হয়।

বিলগুলোতে বিশেষ কমিটির কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সরাসরি পাস করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সংসদে বিলগুলো উত্থাপন করেন।

পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে— ‘সরকারি হিসাব নিরীক্ষা আইন, ২০২৬’, ‘প্রোটেকশন অ্যান্ড কনসারভেশন অব ফিস (সংশোধন) আইন, ২০২৬’, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’ এবং ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন, ২০২৬’। এছাড়া ‘শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর (সংশোধন) আইন, ২০২৬’ পাসের মাধ্যমে প্রতিষ্ঠানটির নাম থেকে ‘শেখ হাসিনা’ অংশটি বাদ দেওয়ার প্রস্তাব গৃহীত হয়।

‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন, ২০২৬’ বিলটি পাসের আগে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান আলোচনার জন্য সময় চান। তিনি বলেন, বিলটি সদ্য হাতে পাওয়ায় তা পর্যালোচনার সুযোগ হয়নি।

তবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রুলিং দিয়ে জানান, নির্ধারিত পর্যায়ে আপত্তি বা সংশোধনী প্রস্তাব না আনা হলে এ পর্যায়ে আলোচনা করার সুযোগ নেই। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়।

সংসদের এ অধিবেশনে পাস হওয়া এসব আইন দেশের প্রশাসন, নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


Side banner
Link copied!