মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় কোনো ধরনের সিন্ডিকেট যেন না থাকে, সে বিষয়েও কঠোর অবস্থানের কথা তুলে ধরেন তিনি।
সোমবার (৬ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে নিহত প্রবাসী আবদুল্লাহ আল মামুনের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মন্ত্রী জানান, সৌদি আরবে সাম্প্রতিক হামলায় নিহত বাংলাদেশিদের পরিবারের পাশে দাঁড়াতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ইতোমধ্যে নিহতদের পরিবারকে তিন লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ দেশে পৌঁছেছে।
নিহত মামুনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। মাত্র ২০ বছর বয়সে পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে তিনি সৌদি আরবে পাড়ি জমান। দীর্ঘ প্রবাস জীবনের পর দেশে ফিরে নতুন ঘর তৈরির স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।
গত ৮ মার্চ সৌদি আরবের আল-খারজ এলাকায় একটি শ্রমিক আবাসনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গুরুতর দগ্ধ হন মামুন। তার শরীরের বড় অংশ পুড়ে যায়। পরে রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
সরকারি সূত্র জানায়, ওই হামলায় মোট সাতজন বাংলাদেশি নিহত হন। আহত ও নিহতদের বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে।
এদিকে, প্রবাসী কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে সরকার একাধিক দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে মালয়েশিয়ার বাজার খুলে দিতে উদ্যোগ জোরদার করা হয়েছে, যাতে বৈধ ও স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠানো সম্ভব হয়।
আপনার মতামত লিখুন :