• ঢাকা
  • সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

শরীয়তপুরে পাম্পের পাইপে ওড়না জড়িয়ে নারীর মর্মান্তিক মৃত্যু


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০১:৪০ পিএম
শরীয়তপুরে পাম্পের পাইপে ওড়না জড়িয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

শরীয়তপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বিদ্যুৎচালিত পানির পাম্পের পাইপে ওড়না পেঁচিয়ে রোজিনা বেগম নামে এক নারীর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (সকাল ১০টা) হাজরাসার গ্রামের চরপালং বালুরঘাট এলাকায় কীর্তিনাশা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় কাসেম খান ও লোকমান নামে দুই ব্যক্তি ইরি ব্লকের সেচ কার্যক্রমের জন্য নদীর পাড়ে বিদ্যুৎচালিত পানির পাম্প স্থাপন করেছিলেন। তবে পাম্পটি যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

ঘটনার সময় রোজিনা বেগম স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার পথে পাম্পের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। এ সময় তার ওড়না পাম্পের ঘূর্ণায়মান অংশে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পালং মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের ভাই আবুল হোসেন বেপারী অভিযোগ করেন, প্রতি বছরই সেখানে সেচের জন্য মোটর বসানো হলেও এ বছর কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। এই অবহেলার কারণেই তার বোনের প্রাণহানি ঘটেছে বলে তিনি দাবি করেন এবং সুষ্ঠু বিচারের আহ্বান জানান।

এদিকে, নিহতের শাশুড়ি রাশিদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, রোজিনা দুই সন্তান রেখে গেছেন। এখন তাদের ভবিষ্যৎ নিয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন এবং দায়ীদের শাস্তির দাবি জানান।

পালং মডেল থানার ওসি (তদন্ত) আবির হোসেন জানান, সেচযন্ত্র চালু থাকা অবস্থায় পাশ দিয়ে যাওয়ার সময় রোজিনার ওড়না মোটর পাম্পের ঘূর্ণায়মান অংশে জড়িয়ে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


Side banner
Link copied!