আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদ ভবনে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে সংসদ ভবনের নিচতলায় ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সভাটি শুরু হয়।
সভায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিচ্ছেন। নির্বাচন কমিশনের সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদলও সভায় যোগ দিয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংসদ কক্ষে ভোটগ্রহণসহ বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে সভায় আলোচনা হচ্ছে।
জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ পরিচালক মনির হোসেন জানান, রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনার জন্যই এই সভার আয়োজন করা হয়েছে। একাধিক প্রার্থী থাকলে সংসদ কক্ষে ভোট হবে, তাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব ও প্রস্তুতির বিষয়টিও গুরুত্বপূর্ণ।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে আগ্রহী প্রার্থীরা ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।
একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা ভোট দিয়ে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন।
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন প্রধান নির্বাচন কমিশনার। প্রার্থীদের মনোনয়নপত্র নির্বাচন ভবনে সিইসির কাছে জমা দিতে হবে।
দীর্ঘ সময় পর এবার রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতোমধ্যে জামায়াত নেতৃত্বাধীন জোট সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করেছে। অন্যদিকে ক্ষমতাসীন বিএনপিও তাদের প্রার্থীর জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
নিয়ম অনুযায়ী, একক প্রার্থী থাকলে ভোট ছাড়াই রাষ্ট্রপতি নির্বাচিত হন। তবে একাধিক প্রার্থী হলে সংসদ কক্ষে প্রকাশ্য ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়।
বর্তমান ত্রয়োদশ সংসদে সংরক্ষিত নারী আসনসহ মোট ৩৪৯ জন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। এর মধ্যে বিএনপির সদস্য ২৪৭ জন এবং জামায়াতের ৭৭ জন। বাকিরা বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্য।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের ধরন নিয়েও বিশেষ নিয়ম রয়েছে। সংসদ নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচনে সাধারণত গোপন ব্যালটে ভোট হলেও রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের প্রকাশ্য ভোট দেওয়ার বিধান রয়েছে।
আপনার মতামত লিখুন :