• ঢাকা
  • সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল


FavIcon
আলোকিত ডেস্কঃ
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০২:২৯ পিএম
সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত তফসিল আগামী ৮ এপ্রিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত ১১তম কমিশন সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনও কমিশনের কাছে সমান গুরুত্ব পাচ্ছে। এসব নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বর্তমানে প্রায় ৫০টি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আসনের নির্বাচনী সামগ্রী সংরক্ষণ করা হবে, যা সর্বোচ্চ এক বছর পর্যন্ত রাখা হতে পারে।

কমিশন সূত্রে জানা গেছে, সভায় মোট পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়। এর মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন এবং সংশ্লিষ্ট কার্যক্রম ছিল অন্যতম।

নিয়ম অনুযায়ী, সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো তাদের প্রাপ্ত আসনসংখ্যার ভিত্তিতে প্রার্থীদের মনোনয়ন দেয় এবং সেই মনোনীতরাই সংরক্ষিত আসনে নির্বাচিত হন। ইতোমধ্যে বিভিন্ন দল তাদের প্রার্থী তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছে।

আইন অনুসারে, সাধারণ আসনের নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ হওয়ায় নির্ধারিত সময়সীমা অনুযায়ী আগামী ১৪ মে’র মধ্যেই এই নির্বাচন শেষ করতে চায় নির্বাচন কমিশন।


Side banner
Link copied!