যশোরের শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ এপ্রিল) দুপুরে তিনি সেখানে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে এই উন্নয়ন কার্যক্রমের সূচনা করেন।
সরকারি সফরের অংশ হিসেবে সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে শার্শায় গিয়ে খাল খনন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি স্থানীয় সুধী সমাবেশেও অংশ নেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সফরজুড়ে একাধিক উন্নয়ন কর্মসূচি রয়েছে। উলশী খাল খনন প্রকল্পকে এলাকার জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থা উন্নয়ন ও কৃষিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
সফরসূচি অনুযায়ী, শার্শার কর্মসূচি শেষে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম যশোর সফর হলেও গত তিন মাসে এটি দ্বিতীয় সফর।
সংশ্লিষ্টদের মতে, এ সফর এবং উন্নয়ন প্রকল্প উদ্বোধন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :