• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

সারাদেশে বাস ও মিনিবাসের নতুন ভাড়া কার্যকর


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৪:০৩ পিএম
সারাদেশে বাস ও মিনিবাসের নতুন ভাড়া কার্যকর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহনে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে সারাদেশে বাস ও মিনিবাসের নতুন ভাড়া কার্যকর হয়েছে। তবে যাত্রীদের জন্য স্বস্তির খবর হলো—সর্বনিম্ন ভাড়া অপরিবর্তিত রেখে ১০ টাকা নির্ধারিত রাখা হয়েছে।

নতুন ভাড়ায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা হয়েছে। আন্তঃজেলা বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা হয়েছে।

সরকার জানিয়েছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। বিআরটিএর প্রস্তাব অনুযায়ী আরও বেশি ভাড়া বাড়ানোর সুযোগ থাকলেও সাধারণ মানুষের কথা বিবেচনায় কম হারে ভাড়া বাড়ানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভবিষ্যতে জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়ার হার পুনর্বিবেচনা করা হতে পারে।


Side banner
Link copied!