নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতচক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম, একটি ট্রাক, মোটরসাইকেলসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সদর মডেল থানা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে সদর উপজেলার সান্তাহার-নাটোর আঞ্চলিক সড়কের সাহাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ট্রাক থামিয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে সাতজনকে আটক করা হয়।
অভিযানে রেজিস্ট্রেশনবিহীন একটি ট্রাক, একটি মোটরসাইকেল, একটি ভ্যান, দেশীয় অস্ত্র, টর্চলাইট এবং একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব সরঞ্জাম ডাকাতির কাজে ব্যবহারের প্রস্তুতি ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার বলেন, টহল পুলিশের কাছে তথ্য আসে একটি সংঘবদ্ধ চক্র মালবাহী যানবাহনে ডাকাতির পরিকল্পনা করছে। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। এছাড়া অন্য অপরাধেও তাদের সম্পৃক্ততার তথ্য তদন্তে উঠে এসেছে।
পুলিশ জানিয়েছে, সড়কে ডাকাতি প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :