• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেফতার


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: মে ১৯, ২০২৬, ১০:৩৭ এএম
অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেফতার

অস্ট্রেলিয়ার সিডনি শহরে নিজ বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) রাতে ক্যাম্পবেলটাউন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ব্যক্তি রাত ৭টা ৫০ মিনিটে জরুরি সেবায় ফোন করে সহায়তা চান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির তিনটি আলাদা কক্ষ থেকে এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা যায়।

নিহতদের মধ্যে রয়েছেন ৪৬ বছর বয়সী এক নারী এবং তার ১২ ও ৪ বছর বয়সী দুই ছেলে সন্তান। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিবারটি প্রায় ১২ বছর আগে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিল। পরিবারের বড় ছেলে বিশেষ চাহিদাসম্পন্ন ছিল বলেও স্থানীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে নিহত বা অভিযুক্ত ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি। তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তারা বাংলাদেশি বংশোদ্ভূত একটি পরিবার।

এই মর্মান্তিক ঘটনায় অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।


Side banner
Link copied!