সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ারবাজারে আর্থিক অনিয়ম ও কারসাজির অভিযোগে তদন্ত কার্যক্রম জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় আড়াইশ কোটি টাকার শেয়ার কারসাজির অভিযোগে তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে প্রয়োজনীয় তদন্ত প্রতিবেদন ও বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়েছে।
দুদকের মামলার তথ্য অনুযায়ী, সাধারণ বিনিয়োগকারীদের প্রভাবিত করে শেয়ারবাজারে আর্থিক অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধেও অর্থ আত্মসাতের অভিযোগ উল্লেখ করা হয়েছে।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিভিন্ন বিমা ও শিল্পপ্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগ এবং বাজারে অস্বাভাবিক দর ওঠানামার পেছনে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে সাকিব আল হাসান সম্প্রতি এক সাক্ষাৎকারে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু ও দ্রুত তদন্ত দাবি করেছেন। তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক, আর অভিযোগের সত্যতা না মিললে তাকে অব্যাহতি দেওয়া উচিত।
দুদক জানিয়েছে, মামলার তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন, সম্পদ বিবরণী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :