প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য রেকর্ড ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ উন্নয়ন বাজেট পাস করা হয়।
সভা শেষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতেই এবারের উন্নয়ন বাজেট প্রণয়ন করা হয়েছে।
পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, মোট উন্নয়ন বাজেটের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন রয়েছে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান থেকে আসবে ১ লাখ ১০ হাজার কোটি টাকা।
খাতভিত্তিক বরাদ্দে সবচেয়ে বেশি অর্থ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও জ্বালানি, গৃহায়ন এবং স্থানীয় সরকার খাতেও বড় বরাদ্দ রাখা হয়েছে।
স্বাস্থ্য খাতের চলমান প্রকল্প বাস্তবায়নে উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি শিক্ষা খাতের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিও এবারের উন্নয়ন পরিকল্পনায় অগ্রাধিকার পেয়েছে।
এবারের উন্নয়ন কর্মসূচিতে মোট এক হাজারের বেশি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে নতুন ও চলমান উন্নয়ন প্রকল্পের পাশাপাশি কারিগরি সহায়তা প্রকল্পও রয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন, বড় বাজেট বাস্তবায়নে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে দেশের অবকাঠামো ও সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
আপনার মতামত লিখুন :