মতলব দক্ষিণ উপজেলার শীলমন্দি এলাকায় বাঁশঝাড় ও গাছ কেটে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে এক বাড়ির বিরুদ্ধে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মতলব পৌরসভার শীলমন্দি বেপারী বাড়ির বাসিন্দা প্রবাসী সোলাইমান বেপারী দীর্ঘদিন ধরে নির্দিষ্ট দাগের প্রায় পাঁচ শতক জমির বৈধ মালিক ও দখলদার হিসেবে সেখানে বাঁশঝাড় ও বিভিন্ন গাছ লাগিয়ে ভোগদখল করে আসছেন।
অভিযোগে বলা হয়, বাঁশঝাড়ের কিছু বাঁশ পাশের বসতঘরের ওপর হেলে পড়ায় প্রতিবেশী ইলিয়াস বেপারী সেগুলো কাটার জন্য অনুরোধ করেন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে বাঁশঝাড়ের সব বাঁশ এবং কয়েকটি গাছ কেটে ফেলা হয়। এরপর ওই জমির মালিকানা দাবি করে দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন সোলাইমান বেপারী।
সংশ্লিষ্ট জমির কাগজপত্র পর্যালোচনায় দেখা গেছে, উল্লিখিত দাগসহ কয়েকটি জমির মালিক হিসেবে সোলাইমান বেপারীর নাম রয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পক্ষ।
অভিযুক্ত ইলিয়াস বেপারী বলেন, জমির সীমানা নির্ধারণ ও মাপজোখের ভিত্তিতেই বাঁশঝাড় ও গাছ কাটা হয়েছে।
তবে ভুক্তভোগী সোলাইমান বেপারী দাবি করেন, মাপজোখের সময় তাকে বা তার পরিবারের কাউকে উপস্থিত রাখা হয়নি। বিষয়টি নিয়ে তিনি আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :