রাজধানীর গুলশান থানায় দায়ের করা প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, কারাদণ্ডের পাশাপাশি বিদিশা সিদ্দিককে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরণ জানান, মামলার রায় ঘোষণার সময় বিদিশা সিদ্দিক আদালতে উপস্থিত ছিলেন না। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, রাজধানীর বারিধারা এলাকার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রিকে কেন্দ্র করে প্রতারণার অভিযোগ ওঠে। এ ঘটনায় ২০০৮ সালে ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার গুলশান থানায় মামলা দায়ের করেন।
অভিযোগে বলা হয়, ফ্ল্যাট বিক্রির নামে আর্থিক লেনদেনের মাধ্যমে প্রতারণা করা হয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় প্রদান করেন।
রায়ের পর মামলাটি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। আইনজীবীরা বলছেন, আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।
আপনার মতামত লিখুন :