• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিজয়ের মাসেই চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০১:৪৩ পিএম
বিজয়ের মাসেই চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

দেশের বিমান যোগাযোগ ব্যবস্থায় নতুন যুগের সূচনা করতে আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের সব কাজ শেষ করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তথ্য অধিদফতরে সরকারের বিভিন্ন উন্নয়ন ও চলমান কার্যক্রম তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল চালু হলে দেশের বিমানবন্দর ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আসবে। আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা নিশ্চিত হওয়ায় যাত্রীসেবা আরও আধুনিক ও দ্রুততর হবে। একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা, কার্গো পরিবহন এবং যাত্রী ধারণক্ষমতাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, সরকার দেশের অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সেই উন্নয়ন পরিকল্পনার অন্যতম বড় উদাহরণ। নির্ধারিত সময় অনুযায়ী উদ্বোধনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দিনরাত কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও দেশের সাধারণ মানুষের ওপর চাপ কম রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ নিয়েছে। বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

হামের প্রাদুর্ভাব প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, বিগত সময়ের অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণে দেশে হামের বিস্তার বেড়েছে। তবে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই প্রয়োজনীয় টিকা সংগ্রহ ও স্বাস্থ্যসেবা জোরদারে কাজ শুরু করেছে। খুব শিগগিরই সারা দেশে হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

মন্ত্রী জানান, এখন পর্যন্ত ৫৩ হাজার ৯৬টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

গণমাধ্যম খাত নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশের গণমাধ্যম ব্যবস্থাপনায় কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থার উন্নয়নে সরকার একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে। আগামী জুন মাসের মধ্যে এ সংক্রান্ত একটি কমিটি গঠন করা হবে এবং জুলাইয়ের মধ্যে তাদের সুপারিশ ও প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করা এবং গণমাধ্যমে জবাবদিহিতা বাড়াতে কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সরকার আশা করছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তথ্যমন্ত্রী জানান, আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের। নির্বাচনগুলো সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমান মহাপরিকল্পনায় মূলত বন্যা নিয়ন্ত্রণ ও নদীভাঙন প্রতিরোধের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। তবে পানি সংরক্ষণের বিষয়টি যথাযথভাবে অন্তর্ভুক্ত না থাকায় প্রধানমন্ত্রী এতে নতুন করে পানি সংরক্ষণের পরিকল্পনা যুক্ত করার নির্দেশ দিয়েছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রকল্পে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে এবং পরবর্তীতে তা চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।


Side banner
Link copied!