হবিগঞ্জে কৃষকদের আধুনিক ও নিরাপদ কৃষি ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ করতে “গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (গ্যাপ)” বা উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং বিদেশে কৃষিপণ্য রপ্তানির সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
২০২৫-২৬ অর্থবছরের “এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” কর্মসূচির আওতায় বুধবার (২০ মে) হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আক্তার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ। তিনি বলেন, অতিরিক্ত ও বেপরোয়া কীটনাশক ব্যবহারের কারণে উপকারী পোকামাকড় ধ্বংস হচ্ছে এবং দেশীয় মাছের বিভিন্ন প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে পড়ছে।

তিনি আরও বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিচ্ছে। খুব শিগগিরই এমন আধুনিক কীটনাশক বাজারে আসবে, যা শুধু ক্ষতিকর পোকা দমন করবে, কিন্তু উপকারী জীবের কোনো ক্ষতি করবে না।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ আনোয়ারুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হবিগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম মাকসুদুল আলম। তিনি বলেন, উত্তম কৃষি চর্চা বা গ্যাপ পদ্ধতির মাধ্যমে নিরাপদ সবজি ও ফল উৎপাদন সম্ভব। এ পদ্ধতিতে উৎপাদিত কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজারে চাহিদাও বেশি।
তিনি জানান, প্রকল্পের আওতায় ১০ ধরনের সবজি ও ৫ ধরনের ফল উৎপাদন ও বিদেশে বিপণনের বিষয়ে কৃষকদের হাতে-কলমে ধারণা দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজলসহ স্থানীয় কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা।
দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের সম্মানী ও দুপুরের খাবার প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :