সারাদেশব্যাপী ডিজিটাল ভূমি সেবা কার্যক্রমের অংশ হিসেবে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’। নানা আয়োজন, সচেতনতামূলক কার্যক্রম ও সরাসরি সেবা প্রদানের মধ্য দিয়ে মঙ্গলবার (১৯ মে) সকালে এ মেলার উদ্বোধন করা হয়।
ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং মির্জাগঞ্জ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত এই মেলায় সাধারণ মানুষের মাঝে ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সহজে ভূমি সংক্রান্ত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মির্জাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল।
মেলার উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে সকাল সাড়ে ৯টায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশ নেন।
সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে ভূমি সেবা মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। মেলা প্রাঙ্গণে স্থাপিত প্রজেক্টর ডিসপ্লের মাধ্যমে অতিথি ও সেবাগ্রহীতারা প্রধানমন্ত্রীর বক্তব্য উপভোগ করেন।
উদ্বোধনের পর মেলায় আগত সাধারণ নাগরিকদের উপস্থিতিতে ইউনিয়নভিত্তিক ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ ফিতা কেটে উদ্বোধন করেন ইউএনও শেখ মো. রাসেল। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা দিতে মেলা প্রাঙ্গণে একটি সবেদা গাছের চারা রোপণ করা হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল বলেন, “স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট ভূমি সেবার কোনো বিকল্প নেই। সাধারণ মানুষ যেন দালাল বা হয়রানির শিকার না হয়ে ঘরে বসেই ই-নামজারি, খতিয়ান উত্তোলন ও ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারেন, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।”
তিনি আরও বলেন, ভূমি সংক্রান্ত সেবাগুলো অনলাইনে নিয়ে আসার ফলে সময় ও খরচ দুটোই কমছে। এতে সাধারণ মানুষের ভোগান্তিও অনেকাংশে হ্রাস পাচ্ছে।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সী বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে প্রযুক্তিনির্ভর সেবা চালু করেছে। তিনি সাধারণ মানুষকে দালালের খপ্পরে না পড়ে সরাসরি সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সেবা গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু, সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদার, আমিনুল ইসলাম খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা ওয়াদুদ, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক সেবাগ্রহীতা মেলায় অংশগ্রহণ করেন।
মেলায় স্থাপিত বিভিন্ন স্টল থেকে দিনব্যাপী ই-নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ান, রেকর্ড সংশোধনসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক পরামর্শ ও সেবা প্রদান করা হয়। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত।
আপনার মতামত লিখুন :