স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারি সফরের অংশ হিসেবে শনিবার (২০ জুন) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিদর্শন করেন। সফরকালে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ এবং নতুন অবকাঠামোর উদ্বোধন করেন।
সফরের শুরুতে মন্ত্রী প্রায় ২ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৪৮০ টাকা ব্যয়ে ফুলদি নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়া, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, প্রকল্প পরিচালক মো. মাহবুব আলম, নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন এবং জেলা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র মুজিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে ভবেরচর বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসংলগ্ন গ্রামীণ বাজার মার্কেটের উদ্বোধন করেন মন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন।
সরকারি সফরসূচি অনুযায়ী, সকালে ঢাকার সরকারি বাসভবন থেকে সড়কপথে গজারিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন মন্ত্রী। উপজেলা পরিষদ পরিদর্শনের পাশাপাশি উত্তর ইসলামপুরের মোয়ারচর কাঠেরপুল এলাকা ঘুরে দেখেন তিনি।
পরে মুন্সীগঞ্জ সার্কিট হাউসে জেলার অবকাঠামো উন্নয়নসংক্রান্ত এক মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। দুপুরের বিরতির পর তিনি পুনরায় গজারিয়ায় গিয়ে উপজেলা পর্যায়ের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। নির্ধারিত কর্মসূচি শেষে বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :