জাল নোট, ছেঁড়া-ফাটা টাকা এবং খুচরা অর্থের সংকট কমাতে আগামী ১ জুলাই থেকে বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে ‘বাংলা কিউআর’ ভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের মাধ্যমে একটি কিউআর কোড ব্যবহার করেই ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা (এমএফএস) গ্রাহকরা সহজে অর্থ পরিশোধ করতে পারবেন।
বর্তমানে বাজারে জাল নোট এবং খুচরা টাকার সংকট ব্যবসায়ী ও ক্রেতা—উভয়ের জন্যই বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক ব্যবসায়ী জানান, বিশেষ করে বড় লেনদেনের সময় জাল নোট শনাক্ত করা এবং খুচরা ফেরত দেওয়া প্রায়ই সমস্যার সৃষ্টি করে।
এই পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক একীভূত ‘বাংলা কিউআর’ ব্যবস্থা চালু করছে। এর ফলে ক্রেতারা একটি মাত্র কিউআর কোড স্ক্যান করে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মূল্য পরিশোধ করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে শুধু দোকান বা ব্যবসাপ্রতিষ্ঠানেই নয়, ট্রেড লাইসেন্স নবায়ন, শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, হাসপাতালের বিল, পরিবহন টোল এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবার অর্থ পরিশোধেও বাংলা কিউআর ব্যবহারের পরিধি বাড়ানো হবে। এতে নগদ টাকার ব্যবহার কমবে এবং লেনদেন হবে আরও দ্রুত ও স্বচ্ছ।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, নতুন ও নবায়ন করা সব ট্রেড লাইসেন্সধারী প্রতিষ্ঠানে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানের ফি ডিজিটাল মাধ্যমে গ্রহণের নির্দেশনা দিয়েছে। স্বাস্থ্য খাতেও ধাপে ধাপে একই ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তবে অর্থনীতিবিদদের মতে, শুধু প্রযুক্তি চালু করলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। সাধারণ মানুষ, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী ও গ্রাহকদের ডিজিটাল লেনদেন সম্পর্কে সচেতন ও দক্ষ করে তুলতে হবে।
বিআইবিএমের সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরীর মতে, দেশের মানুষের আর্থিক সচেতনতা বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। তিনি বলেন, স্কুল পর্যায় থেকেই আর্থিক শিক্ষা বা ফিন্যান্সিয়াল লিটারেসিকে গুরুত্ব দেওয়া হলে আগামী কয়েক বছরে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সুফল আরও বিস্তৃতভাবে পাওয়া সম্ভব হবে।
সংশ্লিষ্টদের বিশ্বাস, কার্যকর বাস্তবায়ন এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে বাংলা কিউআর দেশের ক্যাশলেস অর্থনীতির পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :