জাপানকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। তবে জয়ের আনন্দের মধ্যেই দলের জন্য এসেছে দুঃসংবাদ। মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় লুকাস পাকেতা চোটে পড়ায় শেষ ষোলোতে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বল নিয়ে আক্রমণে যাওয়ার সময় ডান উরুতে ব্যথা অনুভব করেন পাকেতা। তার শারীরিক অস্বস্তি দেখে কোনো ঝুঁকি নিতে চাননি প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
বিরতির পর পাকেতার পরিবর্তে মাঠে নামানো হয় তরুণ ফরোয়ার্ড এন্দ্রিককে। এরপর ম্যাচ শেষ পর্যন্ত ব্রাজিল জয় ধরে রেখে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে।
ম্যাচ শেষে পাকেতাকে স্টেডিয়াম ত্যাগের সময় খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়, যা তার চোট নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, চোটের প্রকৃতি ও গুরুতরতা নির্ধারণে মঙ্গলবার বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সেই রিপোর্টের পরই নকআউট পর্বে তার খেলার সম্ভাবনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
চোট পেলেও দলের প্রতি নিজের আস্থা ও সমর্থন প্রকাশ করেছেন পাকেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, "পরিস্থিতি যেমনই হোক, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা সবাই একসঙ্গে লড়াই করে যাব।"
এদিকে শেষ ষোলোর প্রতিপক্ষ জানার অপেক্ষায় রয়েছে ব্রাজিল। নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী রোববার সেই ম্যাচে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
আপনার মতামত লিখুন :