ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর চার মাসের বেশি সময় পর রাজধানী তেহরানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) স্থানীয় সময় সকাল ৮টায় তেহরানের কেন্দ্রীয় মসজিদে জানাজা সম্পন্ন হয়।
জানাজার নামাজে ইমামতি করেন বিশিষ্ট শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাফর সোবহানি তাবরিজি। এর আগে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, খামেনির ছেলে মোজতবা খামেনি জানাজার ইমামতি করবেন না।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জানাজাকে কেন্দ্র করে তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কয়েক দিন ধরেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। রাজধানীর কেন্দ্রীয় মসজিদ এবং আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।
ইরান সরকারের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার প্রথম দিনেই আয়াতুল্লাহ খামেনি নিহত হন। দীর্ঘ সময় পর তার দাফন কার্যক্রম শুরু করা হয়েছে।
খামেনির মৃত্যু উপলক্ষে দেশজুড়ে নয় দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তার শেষ বিদায়কে ঘিরে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে শুক্রবার থেকে রাজধানীর গ্র্যান্ড মোসাল্লায় সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হয়। সেখানে হাজারো মানুষ উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
আপনার মতামত লিখুন :