• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

কেরানীগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৬ জনের আমৃত্যু কারাদণ্ড


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬, ১২:১২ পিএম
কেরানীগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৬ জনের আমৃত্যু কারাদণ্ড

চার বছর আগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ছয় আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন রাহুল, ডায়মন্ড, আফসার উদ্দিন অনিম, পারভেজ হক পলাশ, মিনহাজ আবেদীন এবং মিনহাজ ওরফে বাবু। এদের মধ্যে রাহুল পলাতক রয়েছেন। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। অপর পাঁচ আসামিকে রায় ঘোষণার পর কারাগারে পাঠানো হয়েছে।

রাষ্ট্রপক্ষ জানায়, অর্থদণ্ডের টাকা আদায়ের জন্য দণ্ডপ্রাপ্তদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। আদায়কৃত অর্থ ভুক্তভোগী বা তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন রাতে বন্ধুর জন্মদিন উদযাপন শেষে বাসায় ফেরার পথে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় দুই তরুণী ও তাদের সঙ্গীদের পথরোধ করা হয়। পরে দুই তরুণীকে জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ সময় তাদের সঙ্গে থাকা অন্যদের মারধর করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয় এবং ঘটনার ভিডিও ধারণেরও অভিযোগ রয়েছে।

ঘটনার কয়েক দিন পর ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত চলাকালে এক আসামিকে গ্রেপ্তার করে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়। পরে তদন্ত শেষে ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

বিচার চলাকালে ট্রাইব্যুনাল ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, আলামত পর্যালোচনা এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় দেন।


Side banner

আইন আদালত বিভাগের আরো খবর

Link copied!