রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে আগামী ১ এপ্রিল থেকে অভিযান শুরু করবে ঢাকা মহানগর পুলিশ।
সোমবার (২৩ মার্চ) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান তাদের কার্যক্রম দোকানের নির্ধারিত সীমার বাইরে ফুটপাত ও সড়কে বিস্তৃত করছে। বিশেষ করে খাবারের দোকান, যানবাহন মেরামতের কারখানা, ধাতু কাজের কারখানা, পোশাক ও আসবাবপত্রের দোকানগুলো ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করছে।
এর ফলে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এবং তাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে। অনেক ক্ষেত্রে মানুষ বাধ্য হয়ে সড়কে চলাচল করায় যানজটও বাড়ছে।
এ অবস্থায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দ্রুত ফুটপাত ও রাস্তা থেকে সব ধরনের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানলে ১ এপ্রিল থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে জরিমানা, কারাদণ্ড এবং মালামাল জব্দের মতো শাস্তি অন্তর্ভুক্ত থাকবে।
ঢাকা মহানগর পুলিশ এ অভিযানে সবার সহযোগিতা কামনা করেছে।
আপনার মতামত লিখুন :