• ঢাকা
  • বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা–সমাবেশ নিষিদ্ধ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৩:৪৪ পিএম
সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা–সমাবেশ নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর ও আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সভা–সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ।

বুধবার (১১ মার্চ) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ। এতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। অধিবেশন চলাকালে জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘোষণা অনুযায়ী বুধবার রাত ১২টা থেকে নির্ধারিত এলাকায় সব ধরনের অস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকর বা দূষণকারী বস্তু বহন নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা কিংবা বিক্ষোভ কর্মসূচিও নিষিদ্ধ করা হয়েছে।

সংসদের প্রথম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

নিষেধাজ্ঞার আওতায় পড়া এলাকাগুলোর মধ্যে রয়েছে—ময়মনসিংহ সড়কের মহাখালী মোড় থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর মোড় পর্যন্ত এলাকা। এছাড়া বাংলামোটর সংযোগ সড়কের পশ্চিম অংশ থেকে হোটেল সোনারগাঁও সড়কের সার্ক ফোয়ারা পর্যন্ত অঞ্চলও এর মধ্যে অন্তর্ভুক্ত।

পান্থপথের পূর্ব অংশ থেকে গ্রিন রোড হয়ে ফার্মগেট পর্যন্ত এলাকা, মিরপুর সড়কের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন মোড় পর্যন্ত এলাকাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

এ ছাড়া ইন্দিরা সড়কের পূর্ব অংশ থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম অংশ, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এর ভেতরের সব সড়ক ও গলিপথেও এই নির্দেশনা কার্যকর থাকবে।


Side banner
Link copied!