• ঢাকা
  • রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণা, আগারগাঁও থেকে গ্রেপ্তার এক ব্যক্তি


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০১:৪৬ পিএম
প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণা, আগারগাঁও থেকে গ্রেপ্তার এক ব্যক্তি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যক্তিগত সচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) সকাল ৭টার দিকে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আব্দুস সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব পরিচয় ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এই ভুয়া পরিচয়ের আড়ালে তিনি অবৈধ অর্থ লেনদেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে অর্থ আদায়সহ নানা ধরনের প্রতারণা করতেন বলে অভিযোগ রয়েছে।

তার এসব কর্মকাণ্ডের বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে অভিযোগ পৌঁছালে বিষয়টি যাচাই করতে গোয়েন্দা সংস্থার একটি দল অভিযান চালায়।

গোয়েন্দা সদস্যরা আগারগাঁওয়ের পানির ট্যাংকি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে প্রায় ছয় ঘণ্টা অভিযান পরিচালনার পর তাকে গ্রেপ্তার করে।

বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। তার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না এবং কতজন মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


Side banner
Link copied!