• ঢাকা
  • শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

চাঁদ ঘুরে নিরাপদে পৃথিবীতে ফিরল আর্টেমিস-২, মহাকাশে নতুন ইতিহাস


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১১:৪৫ এএম
চাঁদ ঘুরে নিরাপদে পৃথিবীতে ফিরল আর্টেমিস-২, মহাকাশে নতুন ইতিহাস

দীর্ঘ ১০ দিনের ঐতিহাসিক মহাকাশযাত্রা শেষে সফলভাবে পৃথিবীতে ফিরেছে আর্টেমিস-২। এই মিশনের মাধ্যমে অর্ধশতাব্দীরও বেশি সময় পর চাঁদকে ঘিরে মানুষের প্রত্যাবর্তনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন হলো।

শুক্রবার (১০ এপ্রিল) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো উপকূলের প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করে মহাকাশযানটি। অবতরণের পর উদ্ধারকারী দল দ্রুত ওরিয়ন ক্যাপসুল থেকে নভোচারীদের নিরাপদে বের করে আনে।

মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান জানান, তিনি এবং তার সঙ্গে থাকা বাকি তিন নভোচারী সুস্থ আছেন।

এই অভিযানে নভোচারীরা প্রায় ৬ লাখ ৯৪ হাজার মাইলেরও বেশি পথ অতিক্রম করেছেন। ওরিয়ন ক্যাপসুলটি পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণের পাশাপাশি চাঁদের কাছাকাছি গিয়ে প্রায় ২ লাখ ৫২ হাজার মাইল দূর দিয়ে একটি গুরুত্বপূর্ণ ফ্লাইবাই সম্পন্ন করে। মানব ইতিহাসে এত গভীর মহাকাশে এটিই এখন পর্যন্ত সবচেয়ে দূরের মানবযাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে।

এ মিশনের মাধ্যমে ভেঙে গেছে অ্যাপোলো-১৩-এর দীর্ঘদিনের রেকর্ড। মূলত ভবিষ্যতে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে মানব বসতি স্থাপনের লক্ষ্যেই এই পরীক্ষামূলক ক্রু মিশন পরিচালনা করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই সাফল্যের ওপর ভিত্তি করেই নাসা আগামী ২০২৮ সালের মধ্যে আবারও নভোচারীদের চাঁদের মাটিতে পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে।


Side banner
Link copied!