দেশে আর সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ চলবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানিয়েছেন, বাজার ব্যবস্থাকে স্বচ্ছ করতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে।
শনিবার সকালে সিলেট নগরের টিলাগড়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশের প্রথম সরাসরি কৃষক বিক্রয় কেন্দ্র ‘কৃষকের হাট’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে, যা দূর করাই সরকারের লক্ষ্য। নতুন এই উদ্যোগের মাধ্যমে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবেন, ফলে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে এবং ন্যায্য দাম নিশ্চিত হবে।
তিনি আরও জানান, বাজার ব্যবস্থাপনা আধুনিক করতে পুরো সরবরাহ ব্যবস্থাকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এতে করে বাজার পর্যবেক্ষণ সহজ হবে এবং পণ্যের দাম স্থিতিশীল রাখা সম্ভব হবে।
এছাড়া, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। বর্তমানে এ খাতে সরকার উল্লেখযোগ্য ভর্তুকি দিলেও তা আরও কার্যকরভাবে ব্যবহারের মাধ্যমে সেবার পরিধি বাড়ানো হবে।
তিনি বলেন, দেশের প্রতিটি জেলায় কৃষকদের জন্য এমন বাজার ব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে তারা অন্তত সপ্তাহে একদিন সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করতে পারবেন।
সরকারের এই উদ্যোগ বাজারে স্বচ্ছতা আনবে এবং কৃষক ও ভোক্তা—উভয়ের জন্যই ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী।
আপনার মতামত লিখুন :