• ঢাকা
  • শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

জয়পুরহাটে ধানক্ষেতে গৃহবধূর মরদেহ, স্বামী আটক


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১২:৫৬ পিএম
জয়পুরহাটে ধানক্ষেতে গৃহবধূর মরদেহ, স্বামী আটক

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ধানক্ষেত থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের বিলের ঘাটসংলগ্ন সোটাহার আদর্শ গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাশেদা বেগম (৪৫), যিনি আশুড়া নামেও পরিচিত, ওই গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, প্রায় ছয় মাস আগে তার প্রথম স্বামীর মৃত্যু হয়। পরে তিনি বাবলু মিয়া নামের এক ব্যক্তিকে বিয়ে করেন। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল।

ঘটনার রাতে এলাকাবাসী ধানক্ষেতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সন্দেহভাজন হিসেবে দ্বিতীয় স্বামীকে আটক করে।

পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।


Side banner
Link copied!