দীর্ঘদিন পর ব্যাট হাতে পুরোনো ছন্দে ফিরেই অনন্য এক কীর্তি গড়েছেন ইংলিশ তারকা জস বাটলার। আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে ঝড়ো ইনিংস খেলতে গিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৬০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
বুধবার (৮ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে মাত্র ২৭ বলে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাটলার। তার ইনিংসে ছিল তিনটি চার ও পাঁচটি ছক্কা। এই ম্যাচেই তিনি টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪৯৬ ম্যাচে ৬০০ ছক্কার মাইলফলক পূর্ণ করেন।
এর মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের বাইরে প্রথম ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন বাটলার।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার তালিকায় শীর্ষে রয়েছেন ক্রিস গেইল, যিনি ১০৫৬টি ছক্কা হাঁকিয়েছেন। তার পরে আছেন কিয়েরন পোলার্ড (৯৮২), আন্দ্রে রাসেল (৭৮৪) ও নিকোলাস পুরান (৭১২)।
এদিকে আরেকটি মাইলফলকের দোরগোড়ায় রয়েছেন বাটলার। টি-টোয়েন্টিতে ১৪ হাজার রান পূর্ণ করতে তার প্রয়োজন আর মাত্র ৩৯ রান। ইতোমধ্যে এই ক্লাবে জায়গা করে নিয়েছেন ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স হেলস, কিয়েরন পোলার্ড ও ক্রিস গেইল।
আপনার মতামত লিখুন :